আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে নিষিদ্ধ কার্যক্রমে থাকা বাংলাদেশ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কড়া মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন যে, আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে দেশের বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটে গেছে এবং দলটি আর কখনোই দেশে রাজনীতি করার সুযোগ পাবে না। তার ভাষায়, রাজনৈতিকভাবে দলটির দাফন হয়ে গেছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি দাবি করেন।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই সময়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্ঘুম রাত কাটিয়ে দলকে সংগঠিত করা হয়েছিল এবং অরাজনৈতিক পরিচয়ে জুলাই আন্দোলনের পরিসমাপ্তি ঘটানো সম্ভব হয়েছিল। তিনি এটিকে ‘পর্দার অন্তরালের’ একটি ঘটনা হিসেবে বর্ণনা করেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে জনগণের প্রত্যাশা অনেক। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং সরকার তার পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। বক্তব্যের শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের চেতনা নিয়ে ব্যক্তিস্বার্থে ব্যবসা না করার আহ্বান জানান। তিনি বলেন, চেতনা বিক্রি ভালো নয় এবং যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।