দেশের সমবায় আন্দোলনকে গতিশীল করতে কেবল সমিতির সংখ্যা বাড়ানো নয়, বরং বিদ্যমান সমবায় সমিতিগুলোর সক্ষমতা ও গুণগত মান বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ জুলাই) ১০৪তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমবায়ীদের উৎপাদিত পণ্য আধুনিকায়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি করার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সমবায় খাতকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আন্তর্জাতিক সমবায় দিবস কেবল উদযাপনের মাধ্যম নয়, বরং এটি সমবায়ের আদর্শ ও মূল্যবোধকে পুনরায় মূল্যায়নের একটি সুযোগ। মানুষের মধ্যে আত্মনির্ভরশীলতা ও পারস্পরিক সহযোগিতার চেতনা গড়ে তুলতে সমবায় একটি কার্যকর হাতিয়ার হিসেবে ভূমিকা পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।
সভায় প্রতিমন্ত্রী সমবায় অধিদপ্তরের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে পদায়নের ওপর জোর দেন। একই সঙ্গে জেলা কার্যালয়গুলোর কার্যকারিতা বাড়াতে উন্নয়ন প্রকল্প (ডিপিপি) প্রণয়ন, কার্যক্রমের পরিধি সম্প্রসারণ, পদোন্নতি নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় এবং কর-সংক্রান্ত জটিলতা নিরসনের নির্দেশ দেন তিনি।
মীর শাহে আলম জানান, তিনি পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ের সমবায় সমিতিগুলো পরিদর্শন করবেন এবং মাঠপর্যায়ের সমস্যার সমাধানে সব ধরনের সহযোগিতা প্রদান করবেন। এছাড়া সমবায় খাতের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সবশেষে, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়কে আরও শক্তিশালী করার লক্ষ্যে সকলকে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

