সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবনের ভেতরে শিকারিদের পাতা একটি ফাঁদে আটকে পড়া বন্য শুকর উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় বনরক্ষীরা প্রাণীটিকে ফাঁদে আটকে থাকতে দেখেন।
উদ্ধার অভিযানে বনবিভাগের পাশাপাশি কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) এবং কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা অংশগ্রহণ করেন। বুড়িগোয়ালিনী বন স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে দীর্ঘ প্রচেষ্টার পর শুকরটিকে নিরাপদে ফাঁদমুক্ত করা হয়। পরবর্তীতে প্রাণীটিকে সুন্দরবনের উপযুক্ত কোনো স্থানে অবমুক্ত করে দেওয়া হয়।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, নিয়মিত টহলের সময় ফাঁদে আটকে থাকা শুকরটি শনাক্ত করা হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও বলেন, সুন্দরবনে যেকোনো ধরনের বন্যপ্রাণী শিকার বা ফাঁদ পাতা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বনবিভাগ। একই সঙ্গে তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং বন সংরক্ষণে সহযোগিতার আহ্বান জানান।
স্থানীয় বনসংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকায় কিছু অসাধু শিকারি গোপনে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার অব্যাহত রেখেছে, যা বিশ্ব ঐতিহ্যের এই বনের জীববৈচিত্র্যকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। বনবিভাগের নিয়মিত টহল ও নজরদারি সত্ত্বেও শিকারিদের দমনে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে তারা মনে করেন।

