যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) পাঠানো এক শুভেচ্ছাবার্তায় তিনি প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে ও যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি আশা প্রকাশ করেন যে, ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আরও সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।

তারেক রহমান উল্লেখ করেন, স্বাধীনতার ২৫০ বছর পূর্তির এই গৌরবময় উদযাপন আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য ও নৈতিকতার প্রতীক। সেই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নে যুক্তরাষ্ট্রের যে অবদান রয়েছে, তা সবার জন্য অনুপ্রেরণার উৎস।

চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে আরও শক্তিশালী ও বহুমাত্রিক রূপ নিয়েছে।

চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সমর্থন ও উদারতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

চিঠির শেষাংশে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার ও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।