বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে বিতর্ক চর্চার প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী সংগঠন ‘বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন’ বা ব্রুডা তাদের ১৩তম এক্সিকিউটিভ কমিটি (২০২৫–২৬) ঘোষণা করেছে। গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটির নাম প্রকাশ করা হয়।
ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামিয়া হক ইরা। সাধারণ সম্পাদক (বিতর্ক) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোঃ ওবায়দুর রহমান শিশির এবং সাধারণ সম্পাদক (প্রসাশন) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহিনুর রহমান। এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আইরিন আক্তার লাবণ্য এবং অর্থ সম্পাদক হিসেবে থাকছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাফিউর হাসান।
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই ব্রুডা ক্যাম্পাসে যৌক্তিক চিন্তাভাবনার বিকাশ ও নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা, ডিবেট স্কুলিং এবং বিভিন্ন বুদ্ধিবৃত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে দীর্ঘ সময় ধরে ভূমিকা রেখে আসছে।
সংগঠনটির দীর্ঘদিনের নীতি অনুযায়ী, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সদস্যদের যোগ্যতা, দক্ষতা এবং সংগঠনের প্রতি তাদের অবদানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন এই নেতৃত্বের হাত ধরে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার ক্ষেত্র আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

