জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হেয় প্রতিপন্ন ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জিনাত জোয়ার্দার রিপাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, বিইউবিটির কর্মচারী আচরণবিধি ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষত, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সম্পৃক্ততার প্রতি শূন্য সহনশীলতা নীতি লঙ্ঘন এবং জুলাই বিপ্লবের চেতনাকে অপমান করার দায়ে ৫ জুলাই, ২০২৬ তারিখ সকাল ১০টা ৩০ মিনিট থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়া, শৃঙ্খলা কমিটির সুপারিশ এবং বিইউবিটি সিন্ডিকেটের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এছাড়া, বরখাস্তকালীন সময়ে জিনাত জোয়ার্দারকে ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাকে অবিলম্বে সমস্ত দাপ্তরিক নথি, চাবি ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সম্পত্তি রেজিস্ট্রার অফিসে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, জিনাত জোয়ার্দারের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিরপুরের রুপনগরে বিইউবিটির প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেন। রোববার বেলা সাড়ে এগারোটার দিকে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিইউবিটির জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক জিনাত জোয়ার্দার রিপা তার ফেসবুক অ্যাকাউন্টে জুলাই-আগস্টে হেলিকপ্টার যোগে শিশুদের ওপর গুলি করে হত্যার ঘটনাকে ব্যঙ্গ করে পোস্ট দিয়েছিলেন। তিনি আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন বলেও শিক্ষার্থীরা দাবি করেন।
সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, জুলাই বিপ্লবে শহীদ সুজন মাহমুদ এবং শহীদ তাহমিদ আব্দুল্লাহ বিইউবিটির গর্ব। যারা শহীদদের রক্ত নিয়ে উপহাস করে, তাদের মতো ব্যক্তিদের পবিত্র শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকার নেই। এ বিষয়ে জানতে চাইলে জিনাত জোয়ার্দার বলেন, তিনি বর্তমানে ছুটিতে আছেন এবং কারা কী করছে সে বিষয়ে তিনি অবগত নন।

