সৌদি আরব সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশে সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা জানান, এই সফরের আমন্ত্রণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। হুমায়ুন কবীর বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এই দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে সরকারের।

তবে প্রধানমন্ত্রী কবে নাগাদ সৌদি আরব সফর করবেন, সেই সময়সূচী সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, সফরের বিষয়টি নির্ধারণের জন্য কাজ করতে হবে, তাই বর্তমানে নির্দিষ্ট কোনো তারিখ জানানো যাচ্ছে না।