আন্তর্জাতিক পুরস্কার পেল রইদ, উচ্ছ্বসিত নাজিফা তুষি

পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে চলছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘রইদ’। প্রেক্ষাগৃহে নিয়মিত প্রদর্শনের পাশাপাশি এবার আন্তর্জাতিক স্বীকৃতিও অর্জন করল সিনেমাটি। ভিয়েতনামের চতুর্থ ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এশিয়ার সেরা সিনেমা হিসেবে ‘ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতেছে ছবিটি। এই বিশেষ প্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত সিনেমার প্রধান অভিনেত্রী নাজিফা তুষি। তিনি বলেন, এটি তার এবং পুরো টিমের জন্য অনেক বড় একটি অর্জন।

নাজিফা তুষি আরও জানান, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড সব সময়ই বিশেষ গুরুত্ব বহন করে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ‘রইদ’-এর এই সাফল্য অভিনেত্রী হিসেবে তাকে অত্যন্ত সম্মানিত করেছে। তিনি বলেন, সিনেমার অভিনেত্রী হিসেবে আমি অনেক বেশি খুশি। এটি আমাদের পুরো টিমের জন্যই অনেক বড় সম্মানের একটি বিষয়।

উল্লেখ্য যে, ২০২৫ সালের শেষ দিকে ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই ‘রইদ’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ঈদে মুক্তির পর থেকে এটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে নিয়মিত ২০টির মতো শো পাচ্ছে। একই সঙ্গে সিনেমাটি দেশের বাইরেও মুক্তি পেয়েছে। এর আগে ৫৫তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ অফিশিয়ালি নির্বাচিত হওয়ার মাধ্যমে সিনেমাটির আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল।

সিনেমাটি নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে, যেখানে একজন সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম ফুটে উঠেছে। এতে নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদসহ অনেকে।