বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দিচ্ছেন। সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই অনুষ্ঠানে তিনি জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তটি অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছিলেন, আপনারা আমার কথাটা রাখতেও পারেন, আবার নাও রাখতে পারেন। তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, আপনাদের আমার বলা উচিত। আমার আব্বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিমাসে তার বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন, যা গরিব-মিসকিনদের সহযোগিতা বা সরকারি প্রয়োজনে ব্যয় করা হতো। আমিও একই কাজ করছি।

নিজের বেতনের বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। তিনি প্রতি মাসে ১০ শতাংশ হারে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিচ্ছেন। বেতন অ্যাকাউন্টে আসার পর তিনি তা তুলে চেক আকারে সরকারি অ্যাকাউন্টে দিয়ে দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে অনুরোধ করেছেন, তারা যেন বিষয়টি মনে কিছু না নেন এবং সম্ভব হলে তারাও প্রতি মাসে তাদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, এই আহ্বানে মন্ত্রিসভার সদস্যরা আনন্দিত হয়েছেন এবং তারা সবাই আলহামদুলিল্লাহ বলেছেন।