ব্যাটারির এসিড পান করে প্রাণ হারাল টেকনাফের চার বছরের শিশু

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় ভুলবশত ব্যাটারির এসিডযুক্ত পানি পান করে সাঈদুল আলম সামী নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার কোনারপাড়ার শামসুল আলমের শিশুপুত্র এবং স্থানীয় আইডিয়াল একাডেমি অ্যান্ড হাইস্কুলের নার্সারির ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল শিশুটি পার্শ্ববর্তী মহিমের চায়ের দোকানে গেলে পানের দোকানদার কামাল হোসেনের রাখা ব্যাটারির পানি তাকে পান করতে দেওয়া হয়। পানিটি তার ভাই মো. কাজল তাকে দিয়েছিলেন। এ ঘটনার পর সামী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও কয়েকটি বেসরকারি হাসপাতালে দীর্ঘ আড়াই মাস ধরে তার খাদ্যনালীতে অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা চালানো হয়। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে সোমবার দীর্ঘ লড়াই শেষে শিশুটি মারা যায়। স্থানীয়ভাবে এ ঘটনার বিচার প্রক্রিয়ায় আব্দুল জলিল বাদশা উভয়পক্ষকে নিয়ে বসে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১৫ হাজার টাকা প্রদান করেছিলেন। এরপর সামীর পরিবার ধাপে ধাপে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করেও শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারল না।

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ১৯: ২১আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৯: ২৩

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা এলাকায় পানের দোকানের ব্যাটারির এসিডযুক্ত পানি পান করে সাঈদুল আলম সামী (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।