ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ রিয়ালিটি শো থেকে উঠে আসা সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা ও রাজীব ফের একসঙ্গে গানে কণ্ঠ দিলেন। এবারের তাদের যৌথ প্রয়াসটি বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে তৈরি একটি থিম সং। গত ২ জুলাই রাজধানীর রামপুরায় সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
গানটির কথা লিখেছেন দীপক কুমার সাহা এবং এর সুর ও সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। গানের বিষয়বস্তুতে নতুন প্রজন্মকে স্বাগত জানানোর পাশাপাশি নিরাপদ সেবার বার্তা তুলে ধরা হয়েছে। সুরকার ফোয়াদ নাসের বাবু জানান, লিজা ও রাজীব এর আগেও তার সুরে কাজ করেছেন এবং নতুন এই গানটিও তারা অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
নতুন এই গান নিয়ে লিজা বলেন, বিশেষ দিবস উপলক্ষে তৈরি এই গানের কথা ও সুরের মধ্যে দারুণ একটি যোগসূত্র রয়েছে, যা আমার খুব ভালো লেগেছে। রাজীব ভাইয়ের সঙ্গে আগেও অনেক কাজ করেছি এবং গায়ক হিসেবে তিনি বরাবরের মতোই দারুণ; তাই নতুন এই গানটি নিয়ে আমি বেশ আশাবাদী।
শিল্পী রাজীব ও লিজা জানিয়েছেন, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে গানটি বিভিন্ন চ্যানেলে প্রচার করা হবে। বর্তমানে তারা দুজনেই নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর অংশ হিসেবে লিজা গতকাল চট্টগ্রামে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন এবং রাজীব আগামী ৮ জুলাই একটি স্টেজ শোতে অংশ নেবেন।

