প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে উধাও মেহের আফরোজ শাওনের আইডি

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি বর্তমানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার বন্ধু ও লেখক তামান্না সেতুর দাবি অনুযায়ী, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তামান্না সেতু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেহের আফরোজ শাওন নিজেই তাকে এই তথ্য জানিয়েছেন। তামান্না সেতু তার পোস্টে লিখেছেন, প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে শাওনের অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি যে পোস্টটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল, সেটিও শাওন নিজে ডিলিট করেননি।

উল্লেখ্য, সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর থেকেই নানা সমালোচনার মুখে পড়েন মেহের আফরোজ শাওন। এদিকে, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।