আনচেলত্তির ওপর আস্থা অটুট ব্রাজিলের, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন দায়িত্বে

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হলেও তার ওপর আস্থা অটুট রেখেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংস্থাটির নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো নিশ্চিত করেছেন যে, ইতালিয়ান এই কোচ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে যাবেন।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সিবিএফের এই কর্মকর্তা দলের স্থিতিশীলতার ওপর জোর দেন। তিনি জানান, আগামী বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই আনচেলত্তিকে বহাল রাখা হচ্ছে। কায়েতানো বলেন, এখন আমাদের স্বাভাবিক প্রক্রিয়া ধরে এগোতে হবে এবং শান্ত পরিবেশে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে আনচেলত্তিকে ২০৩০ পর্যন্ত রাখা হচ্ছে। দলের প্রস্তুতির জন্য এই স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা হতাশাজনক হলেও আনচেলত্তির কাজের প্রশংসা করতে ভোলেননি কায়েতানো। তিনি বলেন, খেলোয়াড় ও কোচিং স্টাফসহ সবাই এই বিদায়ে কষ্ট পেয়েছেন। তবে গত ৩৮ দিনে কোচিং স্টাফের নিষ্ঠা, পেশাদারিত্ব এবং পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাই শতভাগ নিবেদিত ছিল। সিবিএফের এই কর্মকর্তা আরও উল্লেখ করেন যে, টুর্নামেন্ট যত এগিয়েছে, ব্রাজিলের পারফরম্যান্স ততই উন্নত হয়েছে, যা শেষ ষোলো থেকে বিদায় নেওয়াকে আরও বেশি বেদনাদায়ক করে তুলেছে।

উল্লেখ্য যে, ২০২৫ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হিসেবে যোগ দেন। তার অধীনে সেলেসাওরা বিশ্বকাপ বাছাইপর্ব সফলভাবে সম্পন্ন করে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেয়। শিরোপার স্বপ্ন পূরণ না হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথ থেকে সরে আসছে না সিবিএফ। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তির নেতৃত্বেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন নতুন করে দল গঠনের কাজ শুরু করবে।