চলতি বিশ্বকাপে কোনো দলকেই আলাদা করে শিরোপার স্পষ্ট দাবিদার হিসেবে দেখছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মতে, ঐতিহ্যবাহী ও শক্তিশালী দলগুলোকেও প্রতিটি ম্যাচে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে, যে কারণে আগের বিশ্বকাপগুলোর মতো এবার কোনো দলকে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে চিহ্নিত করা যাচ্ছে না।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, এবারের বিশ্বকাপ সব দলের জন্যই ভীষণ কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, আমার মনে হয়, এই বিশ্বকাপ সবার জন্যই অনেক কঠিন। এখানে আর কোনো স্পষ্ট ফেভারিট নেই।
গ্রুপ পর্বে টানা তিন জয়ে শেষ ষোলো নিশ্চিত করলেও নকআউটের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বড় ধাক্কার মুখে পড়তে হয়েছিল। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে ম্যাচ নিষ্পত্তি না হওয়ায় অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়তে হয় স্কালোনির দলকে।
শুধু আর্জেন্টিনাই নয়, এবারের আসরে বড় দলগুলোর পথচলা বেশ অমসৃণ। গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়েছে পেনাল্টি থেকে পাওয়া একমাত্র গোলে। অন্যদিকে অতিরিক্ত যোগ করা সময়ে গোল করে স্পেন বিদায় করেছে পর্তুগালকে। এছাড়া ব্রাজিল ও পর্তুগাল একই সময়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। এর আগে রাউন্ড অব ৩২ থেকে বিদায় নিয়েছে জার্মানি ও নেদারল্যান্ডস এবং প্রথম বিশ্বকাপজয়ী উরুগুয়ে গ্রুপ পর্বই পেরোতে পারেনি।
স্কালোনি বলেন, চার-পাঁচটি দলকে ফেভারিট হিসেবে ধরা হলেও তারা প্রত্যাশিত মানের ফুটবল দেখাতে পারছে না। এর পেছনে দীর্ঘ মৌসুমের ক্লান্তি, ঘন ঘন ভ্রমণ, গরম আবহাওয়া এবং মাঠের ঘাসের মানসহ বেশ কিছু কারণ দায়ী বলে মনে করেন তিনি। তবে নিজের দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট স্কালোনি। তিনি বলেন, আমাদের পারফরম্যান্স গ্রহণযোগ্য। আমরা চারটি ম্যাচই জিতেছি, যা ইতিবাচক। তবে জয়ের পরেও উন্নতির সুযোগ সব সময় থাকে।

