আগামী অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ২০২৭ সালের অক্টোবরের মধ্যে সব ধাপের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে।
ব্রিফিংয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলেন উপদেষ্টা। গত জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের করা অভিযোগের বিষয়ে তিনি জানান, এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, খাদ্য উৎপাদন ও সংরক্ষণে অতিরিক্ত রাসায়নিক ব্যবহারের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার দেশের খাদ্য ব্যবসায়ীদের একটি তথ্যভান্ডার তৈরি করবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়েও তিনি কথা বলেন। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

