আগামী আগস্ট মাসের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর আগামী ১০ থেকে ১২ মাসের মধ্যে স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচন সম্পন্ন করা হবে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান এই পরিকল্পনার কথা জানান। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জাহেদ উর রহমান আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন (ইসি) একটি প্রাথমিক পথরেখা বা রোডম্যাপ তৈরি করেছে। ইউনিয়ন পরিষদ ছাড়াও উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদাভাবে এই রোডম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষ দিকে এই রোডম্যাপগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।
এর আগে গতকাল এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন যে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য অক্টোবর মাসকে সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছে কমিশন। এছাড়া অপর নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও জানিয়েছেন, স্থানীয় সরকারের সব ধরনের নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রাক-প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি। এদিকে, আগামী ৫ আগস্টের আগেই জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন উপদেষ্টা।

