বিশ্বকাপের মাঠের লড়াইয়ের উত্তাপের পাশাপাশি মাঠের বাইরের বিতর্কও ক্রমে বাড়ছে। ফিফার ‘লাল কার্ড’ বাতিলের আলোচনার পর এবার ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে।
ফ্রান্সের কাছে প্যারাগুয়ে ১-০ গোলে পরাজিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সিনেটর আমারিয়া। তিনি ফরাসি অধিনায়ককে ‘ঔপনিবেশিক মানসিকতার ক্যামেরুনীয়’, ‘ফরাসি হওয়ার ভান করা অহংকারী’ এবং ‘কুৎসিত’ বলে অভিহিত করেছিলেন। যদিও পরবর্তী সময়ে তিনি সেই পোস্টটি মুছে ফেলেন, তবে এমবাপ্পের পাল্টা প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে তিনি পুনরায় একটি খোলা চিঠি প্রকাশ করেছেন।
নতুন এই চিঠিতে আমারিয়া তার দোষ স্বীকার করলেও এমবাপ্পের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, তার এই বিরোধ ফ্রান্সের সঙ্গে নয়, বরং একান্তই এমবাপ্পের সঙ্গে।
সিনেটরের অভিযোগ, ম্যাচের আগেই এমবাপ্পে প্যারাগুয়েকে অপমান করে মন্তব্য করেছিলেন। আমারিয়ার দাবি অনুযায়ী, এমবাপ্পে বলেছিলেন, ‘যদি নোংরা খেলতে হয়, তাহলে নোংরাই খেলব।’ সিনেটরের মতে, এই মন্তব্য পুরো প্যারাগুয়ে দলকে অপমান করেছে। এছাড়া ম্যাচ চলাকালীন এমবাপ্পে প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতি অবজ্ঞাসূচক আচরণ করেছেন এবং তাকে স্প্যানিশ ভাষায় অশালীন গালি দেওয়ার জন্যও অভিযুক্ত করেছেন আমারিয়া।

