শেষ মুহূর্তে গোল খেয়ে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের

নাটকীয় এক লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোলে এই জয় নিশ্চিত হয়। এই পরাজয়ের ফলে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত শেষ ষোলোর এই ম্যাচে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তবে নির্ধারিত ৯০ মিনিটে একের পর এক সুযোগ তৈরি করেও কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচের শুরুতেই স্পেনের মিকেল ওইয়ারসাবাল, লামিনে ইয়ামাল ও দানি ওলমোর আক্রমণের মুখে পড়ে পর্তুগাল। তবে পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তার দুর্দান্ত কিছু সেভ দলকে বড় বিপদ থেকে রক্ষা করে। অন্যদিকে, প্রথমার্ধে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেসের বেশ কিছু আক্রমণ স্পেনের গোলরক্ষক উনাই সিমন সফলভাবে সামাল দেন।

দ্বিতীয়ার্ধেও গোলের খোঁজে মরিয়া ছিল উভয় দল। ৭৩তম মিনিটে ইয়ামালের একটি দুর্দান্ত ফ্রি-কিক আবারও ঠেকিয়ে দেন ডিয়েগো কস্তা। এরপর ভিতিনিহা ও ব্রুনো ফার্নান্দেসের প্রচেষ্টাগুলোও কাজে লাগাতে পারেনি পর্তুগাল। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, ঠিক তখনই যোগ করা সময়ের প্রথম মিনিটে নির্ণায়ক মুহূর্তটি আসে। সতীর্থের নিখুঁত পাস ধরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়ান বদলি খেলোয়াড় মিকেল মেরিনো।

শেষ মুহূর্তে বার্নার্দো সিলভার একটি হেড লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় পর্তুগালের। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই হারের মধ্য দিয়ে নিজের শেষ বিশ্বকাপে শেষ ষোলোর বাধাই পেরোতে পারলেন না পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।