দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভাটপাইল নয়াপাড়া এলাকায় বুধবার সকালে বজ্রপাতে গোলাপ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোখলেছার রহমান ও তার বড় ছেলে গোলাপ হোসেন নিজেদের ধানের জমিতে কৃষিকাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গোলাপ হোসেনের মৃত্যু হয়। একই ঘটনায় তার বাবা মোখলেছার রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং বর্তমানে তিনি সুস্থ আছেন।
বেতদিঘী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান জানান, জমিতে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে গোলাপ হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত বাবাকে চিকিৎসার পর বাড়িতে পাঠানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিষয়টি জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে জানানো হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারকে সরকারি নিয়মানুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

