আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক চলছে, তার থেকে কিছুটা ভিন্ন অবস্থানে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। সেই ম্যাচে ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও ভিএআরের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠলেও দেশম বরং চাইছেন, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচেও যেন লেতেক্সিয়ের মতোই দক্ষ রেফারিং পাওয়া যায়। মরক্কো ম্যাচের আগের দিন এক সংবাদ সম্মেলনে দেশম বলেন, আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।
ফ্রান্স–মরক্কো ম্যাচের রেফারি নিয়োগ নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে, কারণ এই ম্যাচের পাঁচজন রেফারিই আর্জেন্টাইন। ২০২২ সালের বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচে দায়িত্বরত ফাকুন্দো টেলোকে এবারের কোয়ার্টার ফাইনালেও মূল রেফারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তার স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড সহকারী রেফারি হিসেবে এবং দারিও হেরেরা চতুর্থ রেফারি হিসেবে কাজ করবেন। রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।
ফরাসি সংবাদমাধ্যমে এই নিয়োগ নিয়ে সমালোচনা থাকলেও দেশম তা গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলেন, আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়। গত বিশ্বকাপ ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে ফ্রান্সের একধরনের প্রতিদ্বন্দ্বিতা ও তিক্ততা তৈরি হয়েছে। তাই গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন রেফারিদের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তবে ফ্রান্সের গোলরক্ষক রবিন রিসার বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন। তিনি বলেন, গত ফাইনালটা থেকে আমাদের কিছুটা তিক্ততা আছে, কিন্তু এটা খেলারই অংশ। কোনো রেফারি যদি ম্যাচ পরিচালনার দায়িত্ব পায়, তবে তা তাদের যোগ্যতার কারণেই পেয়েছে।

