মার্কিন হামলায় ইরানে ১৪ নিহত, পাল্টা হামলার হুঁশিয়ারি তেহরানের

নতুন করে শুরু হওয়া মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের পাঁচটি প্রদেশে অন্তত ১৪ জন নিহত এবং ৭৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হতাহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।

এই মার্কিন আগ্রাসনের কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কুয়েত, কাতার এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে বিপুল সংখ্যক ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন দিয়ে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনীর বিবৃতিতে দাবি করা হয়েছে, কুয়েতে একটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কাতারে একটি আর্লি ওয়ার্নিং স্যাটেলাইট অ্যান্টেনা সাইট এবং বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর মালিকানাধীন জ্বালানি ট্যাংক লক্ষ্য করে এই হামলাগুলো পরিচালনা করা হয়েছে।

মার্কিন প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের ‘বোকা প্রেসিডেন্ট’-এর লক্ষ্য ও আকাঙ্ক্ষা কোনো অবস্থাতেই পূরণ হতে দেওয়া হবে না। একই সঙ্গে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইসলামি বিপ্লবের সুমহান আদর্শ রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান।