ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আই২৪ নিউজের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি বিশ্বকাপে নিজের পছন্দের দলের কথা প্রকাশ করেন। বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় কোন দলকে সমর্থন করছেন—এমন প্রশ্নের জবাবে ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, তিনি আর্জেন্টিনার দিকে কড়া নজর রাখছেন।
সাক্ষাৎকারে নেতানিয়াহু ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশংসায় বেশি মুখর ছিলেন। ইসরাইলের প্রতি অটল সমর্থনের কারণে তিনি মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ হিসেবে আখ্যায়িত করেন। নেতানিয়াহু তাকে ইসরাইলের একজন ‘বড় বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, তারা দুজন অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন।
নেতানিয়াহু আর্জেন্টিনার ক্রীড়া শক্তির কথাও স্বীকার করেছেন। তিনি বলেন, দেশটির একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং তাদের একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড় রয়েছে, যা দিয়ে তিনি স্পষ্টতই লিওনেল মেসিকে বুঝিয়েছেন। সঞ্চালক যখন মেসি সম্পর্কে মন্তব্য করেন, তখন প্রধানমন্ত্রী তার সঙ্গে মেসির ইসরাইল সফরের সময়কার সাক্ষাতের স্মৃতিচারণ করেন।
ইসরাইলি প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে সামনে এল যখন হাভিয়ের মিলের শাসনামলে ইসরাইল ও আর্জেন্টিনার মধ্যকার কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হচ্ছে। দেশ দুটি সম্প্রতি ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার মূল লক্ষ্য হলো অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা। ইসরাইলপন্থি অবস্থানের জন্য মিলেকে বারবার সাধুবাদ জানিয়েছেন নেতানিয়াহু। এছাড়া ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারিং নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের কয়েক দিনের মধ্যেই নেতানিয়াহুর এই সমর্থনসূচক বক্তব্যটি এল।
এদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে (রাউন্ড-অফ-১৬) মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারিং নিয়ে যখন বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক চলছে, ঠিক এর কয়েক দিনের মাথায় নেতানিয়াহুর এ মন্তব্য সামনে এলো।

