বিশ্বকাপ ফুটবল এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের জন্য রেফারিদের নাম চূড়ান্ত করেছে ফিফা।
ফিফার ঘোষণা অনুযায়ী, ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের অভিজ্ঞ রেফারি ইভান বারটন। চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি গ্রুপ পর্বে তুরস্ক-প্যারাগুয়ে এবং জাপান-সুইডেনের ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন।
কনকাকাফ অঞ্চলের পরিচিত মুখ বারটন আন্তর্জাতিক অঙ্গনে নেশনস লিগ ও গোল্ড কাপের মতো বড় প্রতিযোগিতায় নিয়মিত ম্যাচ পরিচালনা করেন। ২০২২ সালে কাতার বিশ্বকাপের মাধ্যমে তার বিশ্বকাপে অভিষেক হয়। চলতি আসরে তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে তিনি বেশ আলোচনায় এসেছিলেন। ওই ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার পর ভিএআরের সহায়তায় ঘটনাটি পর্যালোচনা করেন বারটন এবং তাকে সরাসরি লাল কার্ড দেখান। বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার অভিযোগে এটিই ছিল প্রথম লাল কার্ডের ঘটনা।
ফ্রান্স ও স্পেনের মধ্যকার এই সেমিফাইনালে বারটনের সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন তার স্বদেশি ডেভিড মোরান ও আন্তোনিও পুপিরো। এছাড়া চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন সুইডেনের গ্লেন নিয়বার্গ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন মাহবোদ বেগি।
এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ইভান বারটন। পুরুষদের বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম এল সালভাদরীয় রেফারি হিসেবে তিনি নতুন ইতিহাস গড়তে চলেছেন।
