কেন বিশ্বকাপে আর দেখা যাবে না দুই ইংলিশ রেফারিকে

চলতি বিশ্বকাপে আর কোনো ম্যাচে দায়িত্ব পালন করা হচ্ছে না দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলরের। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে মুখোমুখি হওয়ায় ফিফা তাদের আর কোনো ম্যাচে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় আটলান্টায় এই দুই দল সেমিফাইনালের লড়াইয়ে নামবে।

ফিফার নিয়ম অনুযায়ী, সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে কোনো রেফারি নিজের দেশের জাতীয় দলের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না। এই নিয়মের কারণেই সেমিফাইনালে ম্যাচ পরিচালনা থেকে ছিটকে পড়েছেন টেলর ও অলিভার। তবে শুধু এই ম্যাচেই নয়, ১৯ জুলাইয়ের ফাইনালেও তাদের থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ ফাইনালে যেকোনো এক দল স্পেন কিংবা ফ্রান্সের মুখোমুখি হবে।

ইংল্যান্ডের রেফারি হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার ক্ষেত্রে হাওয়ার্ড ওয়েবের রেকর্ডটি এবার ভেঙেছেন অলিভার। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস এবং ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের রেশ ধরে আর্জেন্টিনার ম্যাচেও এই দুই রেফারিকে দায়িত্ব দেওয়া হবে না। এমনকি আটলান্টায় ইংল্যান্ড হেরে গেলেও ফাইনালে তাদের বাঁশি বাজানোর সুযোগ নেই।

উল্লেখ্য, ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত দক্ষিণ আটলান্টিকের দুটি ব্রিটিশ-শাসিত অঞ্চল নিয়ে ফকল্যান্ডস যুদ্ধ হয়েছিল, যেখানে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে ৯ জন প্রাণ হারান। শেষ ষোলোর ম্যাচে মিশরকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের গাওয়া ‘মুচাচোস’ গানেও এই ফকল্যান্ডস দ্বীপপুঞ্জের প্রসঙ্গ উঠে এসেছিল।

এই রেফারিদের দায়িত্ব না দেওয়ার নীতি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও কার্যকর ছিল। সে সময় আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনালে রেফারি হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন অ্যান্থনি টেলর। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ যদি ক্রোয়েশিয়া হতো, তবে টেলরের দায়িত্ব পাওয়ার জোরালো সম্ভাবনা ছিল।

এদিকে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের দুয়ার বন্ধ হয়ে গেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার কিংবা তেল্লোর কেউই দায়িত্ব পাচ্ছেন না। ফিফা ইতিমধ্যে স্পেন ও ফ্রান্সের মধ্যকার সেমিফাইনাল ম্যাচের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor