স্টার্টআপদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার

দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন।

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, তরুণ উদ্যোক্তাদের এই জামানতবিহীন অর্থায়নের বিষয়টি কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন প্রধানমন্ত্রী। এ সময় পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন ঋণপ্রাপ্তির প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেন। তিনি জানান, প্রকল্পের সম্ভাবনাই হবে অর্থায়নের মূল মাপকাঠি এবং সরকারি অর্থের শতভাগ জবাবদিহি নিশ্চিত করেই এই কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh