টানা বৃষ্টি ও জলাবদ্ধ পরিস্থিতির মধ্যেই এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা সংসদ ভবনের সামনে পৌঁছান। তারা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এর আগে বিকেল ৫টার দিকে সায়েন্সল্যাব এলাকায় অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। দাবির মধ্যে রয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া। এছাড়া ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া, পরবর্তী দিনের পরীক্ষা বাতিল করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবিও জানানো হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সড়ক অবরোধ করে ৪৫ মিনিট কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা ঢাকা কলেজ ও নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরবর্তীতে পুলিশের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করে পুনরায় সায়েন্সল্যাব মোড়ে ফিরে আসেন এবং দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেন। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, তবে আন্দোলনকারীরা জরুরি সেবার অ্যাম্বুলেন্স চলাচলের জন্য সড়ক উন্মুক্ত রেখেছেন।

