ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারে শুরু বাংলাদেশের

ইতিহাসে প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপের মঞ্চে পা রেখেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের অভিষেক ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে টমাস ডুলির শিষ্যরা। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হওয়া এই ম্যাচে শুরু থেকেই মালয়েশিয়ার আধিপত্য ছিল স্পষ্ট। প্রথমার্ধে ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখে আক্রমণে এগিয়ে থাকা মালয়েশিয়ার হয়ে দুটি গোলই করেন তারকা উইঙ্গার আরিফ আইমান। ১৮ মিনিটে প্রথম গোল করার পর ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোহর দারুল তাকজিমের এই ফরোয়ার্ড। পরিসংখ্যান অনুযায়ী, প্রথমার্ধে মালয়েশিয়া মোট ১০টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে বাংলাদেশ পুরো প্রথমার্ধে মাত্র একটি শট নেওয়ার সুযোগ পেলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ শতাংশ বল দখলে রাখে তারা।

দ্বিতীয়ার্ধে মালয়েশিয়ার হয়ে তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলার বার্গসন। ডি-বক্সের ভেতর তার চমৎকার শটে বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ পরাস্ত হন। দলের কোচ টমাস ডুলি শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন আনেন, যেখানে নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার বদলে শ্রাবণকে এবং অধিনায়ক হিসেবে সোহেল রানাকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া হামজা চৌধুরি, শমিত সোম ও জায়ান আহমেদ শুরুর একাদশে থাকলেও জায়গা পাননি অভিজ্ঞ জামাল ভুঁইয়া। চোটের কারণে দলের বাইরে ছিলেন শেখ মোরসালিন, অন্যদিকে এই ম্যাচে জাতীয় দলে অভিষেক হয়েছে প্রবাসী ফারহান আলী ওয়াহিদের। মালয়েশিয়ার হয়ে অভিষেকেই গোলের দেখা পেলেন গ্রেমিও, ফোর্তালেজায় খেলা বার্গসন।কোচ থমাস ডুলি শুরুর একাদশ বাছাইয়ে কিছুটা ভিন্নতা আনেন।

বাংলাদেশের বিপক্ষে আরিফ আইমানের জ্বলে ওঠা নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বেও মালয়েশিয়ার ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি দাপট দেখিয়েছিলেন। জাতীয় দলের হয়ে ২৬ ম্যাচে ৩ গোল করা ২৩ বছর বয়সী এই উইঙ্গার ক্লাব ফুটবলেও জোহর দারুল তাকজিমের হয়ে বহু শিরোপা জিতেছেন। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৮শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১লা অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবেন লাল-সবুজরা।