বিপর্যস্ত শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের বর্তমান বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে বিনির্মাণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন। বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

মাহ্দী আমিন বলেন, সাতটি জেলা থেকে শিক্ষার্থীরা প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে এই আয়োজনে যোগ দিয়েছে। তাদের এই আবেগ ও ভালোবাসা প্রমাণ করে একজন জননেতা কীভাবে রাষ্ট্র পরিচালনায় মানুষের ভাগ্য বদলে দিতে পারেন। আমরা ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর সেই রূপকল্প বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তুলব। আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা, যেখানে শিক্ষার্থীরা আগামী বাংলাদেশ গড়ার মূল কারিগর হিসেবে আত্মপ্রকাশ করবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ৬৪ জেলার মধ্যে বন্যাকবলিত ৭টি জেলার শিক্ষার্থীরাও নানা প্রতিকূলতা জয় করে অনুষ্ঠানে অংশ নিয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের অদম্য মানসিকতার প্রতিফলন। সরকার ৬৫ হাজার স্কুলে প্রায় ২ লাখ বৃক্ষ রোপণ করেছে, যা নিয়মিত পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীরা বড় করে তুলবে। এর মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপদেষ্টা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরেই প্রাথমিক ও গণশিক্ষার ভিত্তি স্থাপিত হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূল পর্যায়ে মানসম্মত শিক্ষক ও কারিকুলাম নিশ্চিত করতে কাজ করছেন। সরকার শিক্ষার্থীদের পছন্দ অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা প্রদানের পাশাপাশি সারা বছর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে মেধাবীদের মূল্যায়ন করবে। ইতোমধ্যে ২২ লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছে এবং ভবিষ্যতে প্রাইম-মিনিস্টার্স ফুটবল গোল্ড কাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din