মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীকে সুবিধা প্রদানকারী প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা আঘাত হানার অধিকার ইরান রাখে বলে তেহরান মনে করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এক রাজনৈতিক বিশ্লেষক এই তথ্য জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, ইরান তাদের ভূখণ্ডে হওয়া মার্কিন হামলাগুলোকে প্রতিবেশী দেশগুলোর আকাশসীমা ও ভূখণ্ড থেকে পরিচালিত হিসেবে বিবেচনা করে। এই কৌশলগত অবস্থানের কারণেই তেহরান ওই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে বলে বিশ্বাস করে।
লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আমওয়াজ ডট মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আলী শাবানি এ বিষয়ে বলেন, ইরান বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ হিসেবে দেখছে। তাই যে দেশই ইরানের ওপর হামলার জন্য নিজেদের মাটি, আকাশসীমা বা সামরিক সুবিধা ব্যবহার করতে দেবে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ইরান অব্যাহত রাখবে।
মোহাম্মদ আলী শাবানি আল জাজিরাকে আরও জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে উপসাগরীয় দেশগুলো মূলত ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এছাড়া আরব দেশগুলো চায় তাদের ওপর চাপিয়ে দেওয়া এই মার্কিন-ইসরায়েলি যুদ্ধের অবসান ঘটুক। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বা আলোচনা বজায় রাখার একটি প্রেরণা কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

