যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোর ওপর কোনো হামলা পরিচালনা করে, তাহলে লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি অবরুদ্ধ করার জন্য ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে ইরান। রয়টার্সের তিনটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত একজন আঞ্চলিক সূত্র জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নীতিনির্ধারকদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং পরবর্তীতে ইয়েমেনে থাকা তাদের মিত্র হুথিদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই সূত্রগুলো সংবেদনশীলতার কারণে নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি।
সূত্রগুলো আরও জানিয়েছে, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা খুব সম্প্রতি অবহিত হয়েছে, যা আগে প্রকাশ্যে আসেনি। তবে ঠিক কী উপায়ে এই বার্তা পাঠানো হয়েছে বা গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকির পরপরই এটি পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে রয়টার্সের সূত্রগুলো বিস্তারিত কিছু বলেনি।
এই বিষয়ে মন্তব্য পাওয়ার জন্য রয়টার্সের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হুথিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।

