নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আজ রোববার (১৯ জুলাই) ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই হাইভোল্টেজ লড়াইয়ের আগে আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরাইলের বরাতে এই খবর জানা গেছে।
ইসরাইলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়ানিশের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই সমর্থনের কথা জানান। এ সময় রাষ্ট্রদূত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইর পক্ষ থেকে নেতানিয়াহুর জন্য একটি বিশেষ বার্তা পৌঁছে দেন।
রাষ্ট্রদূতের বার্তার জবাবে নেতানিয়াহু বলেন, 'হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু। আপনি আমাদের ঘনিষ্ঠ বন্ধু। আমরা আর্জেন্টিনার পাশে আছি এবং নানা ক্ষেত্রেই তাদের সমর্থন করি। আগামীকালের ম্যাচের জন্যও শুভকামনা রইল। শুভকামনা আর্জেন্টিনার জন্য।'
ফুটবল ম্যাচটি ঘিরে অনেকের কাছেই এটি প্রতীকী গুরুত্ব বহন করছে। কারণ ইসরাইল ইস্যুতে স্পেনের রাজধানী মাদ্রিদ এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে নেতিবাচক মন্তব্য এবং ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্রতত্ত্ব ছড়ানোর মতো ঘটনাও লক্ষ্য করা গেছে।

