বিশ্বকাপ ফাইনাল ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার মহারণ সরাসরি মাঠে বসে দেখার জন্য সমর্থকদের মধ্যে চরম টিকিট সংকট তৈরি হয়েছে। পুনর্বিক্রির বাজারে একটি টিকিটের দাম ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত উঠেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১২ লাখ টাকার সমান।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফাইনালের কয়েক ঘণ্টা আগেও টিকিটের চাহিদা কমেনি। টিওয়াসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, স্টাবহাব ও টিকিটমাস্টারের মতো পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে সর্বনিম্ন টিকিটের দামই শুরু হচ্ছে প্রায় ১০ হাজার ডলার থেকে। সময়ের সাথে সাথে চাহিদা বাড়ায় এই দাম আরও ঊর্ধ্বমুখী হচ্ছে। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সাধারণ টিকিটের সুযোগ প্রায় শেষ। বর্তমানে কেবল হসপিটালিটি বা ভিআইপি ক্যাটাগরির টিকিট অবশিষ্ট আছে, যার দাম প্রায় ৬০ হাজার ডলারে গিয়ে ঠেকেছে—যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা।
টিকিট সংকটের এই প্রভাব শুধু স্টেডিয়াম চত্বরেই সীমাবদ্ধ নেই, নিউইয়র্কের টাইমস স্কয়ারেও একই চিত্র দেখা গেছে। সেখানে অনেক সমর্থক হাতে ‘টিকিট চাই’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ম্যাচটি মাঠে বসে দেখার জন্য তারা যেকোনো অঙ্কের অর্থ খরচ করতেও প্রস্তুত। আবার অনেকে শেষ মুহূর্তে কম দামে টিকিট পাওয়ার আশায় অপেক্ষায় আছেন।
টাইমস স্কয়ারে আর্জেন্টিনা ও স্পেন উভয় দলের সমর্থকরাই জড়ো হয়েছিলেন, তবে সংখ্যায় আলবিসেলেস্তে সমর্থকরা স্পষ্টতই এগিয়ে ছিলেন। লিওনেল মেসিদের সমর্থনে নিউইয়র্কের এই বিখ্যাত চত্বর যেন বুয়েনস আয়ার্সে রূপ নিয়েছিল। এমনকি বিজ্ঞাপনের বিলবোর্ডে মজা করে একে ‘আর্জেন্টাইনস স্কয়ার’ নামেও দেখানো হয়। আর্জেন্টাইনদের এই দাপুটে উপস্থিতির মধ্যেও স্পেনের সমর্থকরা নিজস্ব উচ্ছ্বাসে মেতেছিলেন, আর বৃষ্টিও তাদের উদযাপনে বাধা হতে পারেনি।

