ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, ‘কিউডেঙ্গা’ বাজারে আসছে

ডেঙ্গু প্রতিরোধে এক বিশাল অগ্রগতি হিসেবে ভারতের প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। জাপানের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকাটিকে অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল। এর মধ্য দিয়ে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের জন্য সরকারি ছাড়পত্র পেল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা গ্রহণ করতে পারবেন। কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম বলে জানানো হয়েছে। টিকাটি তিন মাসের ব্যবধানে দুটি ডোজে দেওয়া হবে। তবে, ভারতে এই টিকার মূল্য এখনো প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা ঘোষণা করেনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকির মধ্যে বসবাস করছে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে ভারতে বৈশ্বিক ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ ঘটে থাকে।

বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। এমন একটি দেশে এই টিকার অনুমোদনকে জনস্বাস্থ্য খাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত