নাতাঞ্জের পিকঅ্যাক্স মাউন্টেনে হাজার হাজার সেন্ট্রিফিউজ সরাল ইরান

ইরান তাদের হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ নাতাঞ্জের কাছে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত একটি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা। 'পিকঅ্যাক্স মাউন্টেন' নামে পরিচিত এই স্থাপনাটি শক্ত গ্রানাইট শিলার ৩০০ ফুটেরও বেশি গভীরে নির্মিত। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শরৎকালে এই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো হামলায় স্থাপনাটি অক্ষত ছিল।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্যে গত ১৫ মাস ধরে এই স্থাপনায় নির্মাণকাজ ও ট্রাক চলাচলের আলামত পাওয়া গেছে। তবে সেন্ট্রিফিউজগুলো ঠিক কোন স্থান থেকে এখানে আনা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এই স্থাপনাটি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিকঅ্যাক্সকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করে সেখানে শিগগিরই হামলার ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, সাবেক মার্কিন কর্মকর্তা নেট সোয়ানসন সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণের বাইরে কোনো পারমাণবিক কার্যক্রম পরিচালিত হওয়াটা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।