ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু

২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবীব এই ই-রিটার্ন কার্যক্রমের উদ্বোধন করেন।

চলতি করবর্ষে আগাম রিটার্ন দাখিলের ক্ষেত্রে করদাতাদের জন্য নতুন প্রণোদনা ঘোষণা করেছে এনবিআর। করদাতারা যদি ২০২৬-২৭ করবর্ষের জন্য জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেন, তবে তারা নীট প্রদেয় করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা পাবেন। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে এই সুবিধা পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন দাখিল করলে জরিমানাসহ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে, তাই এনবিআর নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।

২০২১ সালে এনবিআর ই-রিটার্ন ব্যবস্থা চালু করার পর গত করবর্ষ থেকে এটি বাধ্যতামূলক করা হয়েছে। তবে কিছু বিশেষ ক্ষেত্রে কাগজে রিটার্ন দাখিলের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছেন ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা। এছাড়া অনলাইনে নিবন্ধনজনিত কোনো সমস্যায় পড়লে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে কাগজে রিটার্ন জমা দেওয়া যাবে।

এনবিআর জানিয়েছে, ২০২৫-২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা ই-রিটার্ন ব্যবস্থার মাধ্যমে রিটার্ন দাখিল করেছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে এখন করদাতারা ঘরে বসেই আয়কর রিটার্ন প্রস্তুত, দাখিল এবং সনদ সংগ্রহের সুবিধা পাচ্ছেন। ই-ট্যাক্স প্ল্যাটফর্মে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করা সম্ভব। সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে। অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) থেকে সহায়তা নেওয়া যাবে।

কন্টেন্ট: সংগৃহীত