গাজীপুরে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান সময়ে শুধু সংবাদ সংগ্রহই যথেষ্ট নয়; তথ্য যাচাই, ভিডিও সম্পাদনা এবং আকর্ষণীয় উপায়ে দ্রুত দর্শকের কাছে সংবাদ পৌঁছে দেওয়া গণমাধ্যম কর্মীদের জন্য অপরিহার্য দক্ষতা হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তিত বাস্তবতাকে সামনে রেখে গাজীপুরে আয়োজন করা হয়েছিল জনস্বার্থমূলক সাংবাদিকতায় দক্ষতা উন্নয়ন কর্মশালা। গাজীপুর সাংবাদিক পরিষদের উদ্যোগে শুক্রবার সী-গাল রিসোর্টে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

কর্মশালার মূল প্রশিক্ষণে মাল্টিমিডিয়া রিপোর্টিং, ভিডিও কনটেন্ট তৈরি এবং অনলাইনে সংবাদ উপস্থাপনের আধুনিক কৌশল নিয়ে হাতে-কলমে ধারণা দেন কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান। এছাড়া দ্বিতীয় সেশনে মাল্টিমিডিয়া চিফ ফখরুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে তথ্য অধিকার এবং জনস্বার্থের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের গুরুত্ব নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ। এছাড়া পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালাটি সঞ্চালনা করেন কলামিস্ট সাঈদ চৌধুরী। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়। প্রযুক্তি ও সংবাদ পরিবেশনার পরিবর্তনের সাথে মফস্বলের সাংবাদিকদের খাপ খাইয়ে নিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. মোজাহিদ।