হরমুজ প্রণালিতে হামলার পাল্টা জবাবের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে তেহরান যদি কোনো জাহাজে হামলা চালায়, তবে তার কড়া জবাব দেওয়া হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, ইরান যতবারই হরমুজ প্রণালিতে কোনো জাহাজে গুলি চালাবে, যুক্তরাষ্ট্র ততবারই ইরানের গুরুত্বপূর্ণ কোনো অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে তা ধ্বংস করে দেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, এখন থেকে ইসলামিক রিপাবলিক অব ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো অস্ত্র ব্যবহার করে হামলা চালালে যুক্তরাষ্ট্র পাল্টা ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে ইরানের রাজধানী তেহরানের ভেতরে বা পাশে অবস্থিত হলেও কোনো সেতু অথবা বিদ্যুৎকেন্দ্র বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হবে।

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের এটি সর্বশেষ হুমকি। এর আগেও তিনি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এবং সামরিক উত্তেজনা ইস্যুতে একাধিকবার সতর্কবার্তা দিয়েছিলেন। ট্রাম্পের এই নতুন হুমকির ফলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত, যার মাধ্যমে বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্ববাজারে সরবরাহ করা হয়।