বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান তিন ধাপ উন্নত হয়েছে। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর মধ্যবর্তী সংস্করণে বাংলাদেশ এখন ৯৭তম অবস্থানে রয়েছে। এই অবস্থানে বাংলাদেশ বর্তমানে উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে অবস্থান করছে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন বিশ্বের ৩৫টি দেশে ভিসা ছাড়া অথবা অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারছেন। তবে গত বছরের তুলনায় এই সংখ্যা কিছুটা কমেছে, কারণ গত বছর এই সুবিধা পাওয়া দেশের সংখ্যা ছিল ৩৭টি। ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্যের ওপর ভিত্তি করে এই সূচকটি তৈরি করা হয়েছে। কোনো দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া কতটি গন্তব্যে প্রবেশ করতে পারেন, সেটিকে মূল্যায়নের প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছে।
গত বছরের তুলনায় তিন ধাপ এগিয়ে গেলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। এ অঞ্চলে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যারা ৫২তম অবস্থানে থেকে ৯৩টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পায়। এছাড়া ভারতের অবস্থান ৮১তম (৫৫ গন্তব্য), ভুটান ৮৮তম (৪৭ গন্তব্য), মিয়ানমার ৯১তম (৪৩ গন্তব্য), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯ গন্তব্য), বাংলাদেশ ৯৭তম (৩৫ গন্তব্য), নেপাল ৯৮তম (৩৪ গন্তব্য) এবং পাকিস্তান ১০১তম (২৯ গন্তব্য) অবস্থানে রয়েছে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় এবারও শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, যাদের নাগরিকরা ১৯২টি গন্তব্যে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান। দ্বিতীয় স্থানে থাকা জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত ১৮৮টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পায় এবং সুইডেন ১৮৭টি গন্তব্য নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান, যার নাগরিকরা মাত্র ২২টি গন্তব্যে ভিসা বা অন-অ্যারাইভাল সুবিধা পান।

