আইনজীবী আমিনুল গনি টিটুর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
প্রখ্যাত ডিফেন্স আইনজীবী আমিনুল গনি টিটুর মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সকল কার্যক্রম সোমবার (৮ জুন) মুলতবি রাখা হয়েছে।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিনুল গনি টিটু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আকস্মিক মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় জানানো হয়, মরহুম আমিনুল গনি টিটু একজন অত্যন্ত অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে দেশের বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার পেশাগত দক্ষতা, অনন্য সৌজন্যবোধ এবং আইন পেশার প্রতি অবিচল নিষ্ঠা সহকর্মী ও সংশ্লিষ্ট সকলের নিকট দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। মহান আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তার পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করুন।
মরহুমের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিকসহ সকল আনুষ্ঠানিক কার্যক্রম মুলতবি রাখা হয়।
