৪১৮টি স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত

দেশের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি, নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক দাপ্তরিক চিঠিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতির ভিত্তিতেই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা ৩১ থেকে ৫০টির মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বা ডিপিপি প্রণয়ন করতে বলা হয়েছে। একই সাথে, নতুন ১৩টি হাসপাতালে প্রয়োজনীয় জনবল সৃষ্টির বা পদ সৃজনের প্রস্তাবনা দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা, রোগী ভর্তি সুবিধা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।