বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন এবং এবারের আসরের হট ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেও এখন পর্যন্ত শক্তিশালী কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়নি তাদের। এমনকি ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১৫ দলের একটির বিরুদ্ধেও খেলার সুযোগ হয়নি আলবিসেলেস্তেদের। এই পরিসংখ্যানকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে ছিল আলজেরিয়া (র্যাঙ্কিং ৩৩), অস্ট্রিয়া (২৩) ও জর্ডান (৬৩)। এরপর রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দে (৬৯) এবং শেষ ষোলোতে মিশরকে (৩২) হারিয়ে লিওনেল স্কালোনির দল কোয়ার্টার ফাইনালে পৌঁছায়। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, যারা বর্তমানে ফিফা র্যাংকিংয়ের ১৯তম অবস্থানে রয়েছে। এছাড়া সেমিফাইনালে ওঠার সমীকরণে নরওয়ে যদি ইংল্যান্ডকে বিদায় করে, তবে শেষ চারে আর্জেন্টিনা পাবে ৩০তম অবস্থানে থাকা নরওয়েকে।
এই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। এক পক্ষ এটিকে কেবল ড্র ও নকআউট পর্বের স্বাভাবিক সমীকরণ হিসেবে দেখছেন। অন্যদিকে অনেকের প্রশ্ন, সাম্প্রতিক বছরগুলোর অন্যতম সহজ পথ পেয়েই কি আর্জেন্টিনা ফাইনালের দুয়ারে পৌঁছে যাচ্ছে?
তবে ফুটবলের বাস্তব চিত্র ভিন্ন। র্যাঙ্কিং কম হলেও নকআউট পর্বে কোনো প্রতিপক্ষই সহজ নয়, যার প্রমাণ পাওয়া গেছে শেষ ষোলোর ম্যাচে। মিশরের বিপক্ষে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিতে হয়েছিল বর্তমান চ্যাম্পিয়নদের। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আর্জেন্টিনার পাঁচ প্রতিপক্ষের গড় ফিফা র্যাঙ্কিং প্রায় ৪৪। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ২৩তম স্থানে থাকা অস্ট্রিয়া। অর্থাৎ ফাইনালের পথে এখন পর্যন্ত শীর্ষ ২০-এর কোনো দলই তাদের সামনে পড়েনি।

