তুরস্কের আঙ্কারায় দুই দিনব্যাপী উত্তর আটলান্টিক সামরিক জোটের (ন্যাটো) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলন শেষে ইউক্রেনের জন্য ৭০ বিলিয়ন ইউরোর বিশাল সামরিক সহায়তা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
সম্মেলন শেষে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রে ন্যাটো নেতৃবৃন্দ জানিয়েছেন যে, তাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা নিউক্লিয়ার, প্রথাগত এবং মিসাইল ডিফেন্স সক্ষমতার একটি সমন্বিত কাঠামোর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যার সাথে মহাকাশ ও সাইবার সম্পদ যুক্ত রয়েছে। জোটের সামরিক সক্ষমতার শ্রেষ্ঠত্ব বজায় রাখার বিষয়ে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। নতুন প্রযুক্তির আধুনিকায়ন ও দ্রুত প্রয়োগের জন্য বিপুল বিনিয়োগ করা হচ্ছে বলেও জানানো হয়।
ঘোষণাপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, সশস্ত্র বাহিনীকে সব ক্ষেত্রে সক্রিয় ও টিকিয়ে রাখার সক্ষমতায় বিনিয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিপ প্রিসিশন স্ট্রাইক, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ব্যবহার। একইসাথে ন্যাটো একটি ‘ট্রান্-আটলান্টিক ওয়ারফাইটিং ক্লাউড’ তৈরির পরিকল্পনাও গ্রহণ করেছে।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রযাত্রার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ জুলাই) রুশ সেনাবাহিনী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছে যে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কস্তিয়ানতিনিভকা শহরটি দখল করেছে। দোনেৎস্ক অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা অভিযানের অংশ হিসেবে মস্কো এই শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছিল। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শনের সময় পুতিন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে ব্রিফিং নিচ্ছেন এবং কস্তিয়ানতিনিভকা দখলকে একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে অভিহিত করছেন।

