অস্ট্রেলিয়ার তারকা নারী ক্রিকেটার অ্যাশলি গার্ডনারের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটছে। বিয়ের মাত্র দুই বছরের মাথায় স্ত্রী মনিকা রাইটের সঙ্গে তার সম্পর্কের ইতি টানার প্রক্রিয়া শুরু হয়েছে। গার্ডনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি অস্ট্রেলিয়া দলেরই এক সতীর্থের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন।
২০২০ সালে একটি অনলাইন অ্যাপের মাধ্যমে গার্ডনার ও মনিকার পরিচয় হয়। দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের এপ্রিলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্কে ফাটল ধরে। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে ২৯ বছর বয়সী গার্ডনার ২২ বছর বয়সী জর্জিয়া নামের এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়ান। সেই সময় থেকেই মনিকা বিষয়টি নিয়ে সন্দেহ পোষণ করেন। তার সন্দেহ এতটাই তীব্র ছিল যে, বিশ্বকাপের মাঝপথেই তিনি ভারতে ছুটে আসেন। মনিকার উপস্থিতিতে গার্ডনার বিরক্ত হয়েছিলেন বলে জানা গেছে।
পরে দেশে ফিরে দুইজনের মধ্যে কথা হয় এবং গার্ডনার সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। যদিও গার্ডনার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু মনিকা মানসিকভাবে ভেঙে পড়ায় তিনি আর রাজি হননি। এরপর থেকেই তারা আলাদা থাকছেন। মনিকার এক ঘনিষ্ঠ বান্ধবী জানান, তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং ক্লিনিকেও গিয়েছিলেন। কিন্তু পরকীয়াকাণ্ডের পর মনিকা ওই ক্লিনিকে জানিয়ে দেন যে, তারা আপাতত পরিবার বড় করছেন না।
মনিকার অনুপস্থিতিতে গার্ডনার সিডনির বাড়ি থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান। তিনি শুধু বিয়ের আংটিটি রেখে এসেছিলেন, যা পরে মনিকা দেখতে পান। বর্তমানে তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটছেন। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকলেও বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসে। ডেইলি মেইলের একটি প্রতিবেদনের স্ক্রিনশট ও জর্জিয়ার ছবি পাশাপাশি রেখে মনিকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই সেই মহিলা যার জন্য আমাকে অ্যাশলি ঠকিয়েছে।” অস্ট্রেলিয়া দলের সকলেই এই সম্পর্কের কথা জানতেন এবং গার্ডনার ও মনিকার মধ্যে বিষয়টি নিয়ে বোঝাপড়াও হয়েছিল, কিন্তু খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

