গণভোটের রায়কে উপেক্ষা করে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠন করার অভিযোগ তুলে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে চিফ হুইপ নরুল ইসলাম মনি সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি গঠনের এই প্রস্তাবটি উত্থাপন করেন।
গঠিত এই বিশেষ কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। এই কমিটি গঠনের ঘটনাকে কেন্দ্র করেই মূলত বিরোধীদলের সংসদ সদস্যরা সংসদ থেকে ওয়াকআউট করেন।
ওয়াকআউটের আগে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা দুটি শপথ নিয়েছি; যার একটি সংসদ সদস্য হিসেবে এবং অন্যটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এই দুটি শপথই এখন বিদ্যমান আছে। তিনি আরও বলেন, এই শপথগুলোকে বাইপাস করার উদ্দেশ্যে যদি কমিটি গঠন করা হয়, তবে আমরা তা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই অটল আছি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, গণতন্ত্রের মূল দাবিই হচ্ছে জনগণের মতামতকে সম্মান জানানো। গণভোটের রায়কে যদি এভাবে উপেক্ষা করা হয়, তবে সাধারণ মানুষ ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা হারাবে এবং একপর্যায়ে বিদ্রোহী হয়ে উঠতে পারে।
তিনি বলেন, আমরা মনে করি গণতন্ত্রের দাবিই হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত ৭০ শতাংশের পাশাপাশি জনগণের মতামত। গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির ওপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে।

