নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যাকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলসহ পুলিশি নিরাপত্তায় তাদের ক্যাম্পে পাঠানো হয়।
এর আগে সোমবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ভাংতি বাজারে স্থানীয়রা মাজিদা (২৫) নামে ওই নারী ও তার এক বছর বয়সী কন্যা আয়েশাকে আটক করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। পরে দুপুরে মা ও মেয়েকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাংতি বাজার এলাকায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজিদা জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম এবং তার স্বামী বেলাল মারা গেছেন। তিনি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে স্বীকার করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানিয়েছেন, উদ্ধার হওয়া নারী ও শিশুর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করার পর তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

