রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জীবনরক্ষাকারী বিভিন্ন কার্যক্রম সচল রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। সোমবার এক অনুষ্ঠানে এই সহায়তার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল।
অস্ট্রেলিয়ার ২০২৬-২০২৮ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই অর্থায়ন নিশ্চিত করা হয়েছে। বৈশ্বিক তহবিলের বর্তমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে অত্যন্ত সময়োপযোগী বলে মনে করা হচ্ছে। এই অনুদানের মাধ্যমে ইউএনএইচসিআর শরণার্থী ক্যাম্পগুলোতে দক্ষতা উন্নয়ন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সুরক্ষা কার্যক্রম আরও জোরদার করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির কোনো বিকল্প নেই। এছাড়া বাংলাদেশে ইউএনএইচসিআরের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জুলিয়েট মুরেকেয়িসোনি এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, সংকটের এই মুহূর্তে অস্ট্রেলিয়ার এই সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। দীর্ঘমেয়াদি অর্থায়ন সংকটের কারণে তারা বিভিন্ন ঝুঁকিতে রয়েছেন। অস্ট্রেলিয়ার এই নতুন তহবিল নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরাসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের অত্যাবশ্যকীয় সেবা নিশ্চিত করতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

