বান্দরবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সের সংস্কার কাজের উদ্বোধন

বান্দরবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ম্রো কমপ্লেক্সের পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এই উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করেন। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রকল্পের মাধ্যমে সদর উপজেলার মাঝেরপাড়া ম্রো কমপ্লেক্স আবাসিক উচ্চ বিদ্যালয়ের পুকুর পুনর্খনন এবং স্কুলের মাঠ সংস্কার করা হবে।

উদ্বোধনকালে এমপি সাচিং প্রু জেরী তার বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, উন্নয়ন এবং জীবনমান উন্নয়নে যে সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছিলেন, ম্রো কমপ্লেক্স তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও উল্লেখ করেন যে, জিয়াউর রহমান প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করে তোলার লক্ষ্যেই পুকুর পুনর্খনন ও মাঠ সংস্কার প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে, খেলাধুলার সুযোগ বৃদ্ধি পাবে এবং পানি সংরক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণও বিশেষভাবে উপকৃত হবে।

এমপি সাচিং প্রু তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন দর্শনকে ধারণ করে এ ধরনের জনকল্যাণমূলক প্রকল্পগুলো অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম-সম্পাদক মজিবুর রশিদ, নাসির চৌধুরীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।