জাতিসংঘের সঙ্গে অংশীদারিত্ব জোরদারে কাজ করছে বাংলাদেশ

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে মোতায়েনকৃত বাংলাদেশি বাহিনীর প্রতিপূরণ সংক্রান্ত বিষয়সমূহ সহজতর করায় ডিওএস-এর ধারাবাহিক সহায়তার জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান। পাশাপাশি শান্তিরক্ষা মিশনগুলোতে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় ডিওএস-এর পরিবেশ বিভাগের অবদানের প্রশংসা করেন তিনি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে বাংলাদেশ যে শান্তিরক্ষা মিশনগুলোর কার্বন ফুটপ্রিন্ট হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ, তা পুনর্ব্যক্ত করেন মন্ত্রী। তিনি জানান, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপন করেছে এবং ভবিষ্যতে মিশন এলাকাগুলোতে আরও ব্যাপকভাবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কাজ করতে আগ্রহী।

নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘকে আরও বেশি পরিবেশবান্ধব ও নারী-বান্ধব অবকাঠামো নির্মাণে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ। তিনি শান্তিরক্ষীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পর্যাপ্ত সক্ষমতা ও উন্নত প্রশিক্ষণের ওপর জোর দেন। হাইতির বর্তমান নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট (এফপিইউ) মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান মন্ত্রী। এই ইউনিটগুলো সোয়াত, র‌্যাপিড রেসপন্স প্ল্যাটুন, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, ফরেনসিক, সাইবার ক্রাইম তদন্ত এবং মাদকবিরোধী অভিযানে বিশেষ পারদর্শী।

হাইতিতে এই বিশেষায়িত সক্ষমতার ব্যবহারের লক্ষ্যে মন্ত্রী জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন। আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ তারিখের মধ্যে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের একটি তিন সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এমওইউ আলোচনায় অংশ নেবে বলেও জানান তিনি। এছাড়া পূর্ণাঙ্গ এফপিইউ মোতায়েনের পাশাপাশি অন্যান্য পুলিশ অবদানকারী দেশের সঙ্গে যৌথভাবে বিশেষায়িত পুলিশ টিম বা প্ল্যাটুন মোতায়েনেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, হাইতির বর্তমান অস্থিতিশীল ও জটিল নিরাপত্তা পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ অত্যন্ত আধুনিক ও উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩টি বিশেষায়িত ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের একটি ৩ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এমওইউ আলোচনায় অংশ নেবে। এই আলোচনা সফল করতে এবং প্রস্তাবিত সরঞ্জামসমূহ অন্তর্ভুক্তির বিষয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরগুলোর পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।