বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে এক বছরের জন্য এই মর্যাদাপূর্ণ পদে আসীন হন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

সদস্যরাষ্ট্রগুলোর মোট ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯টি দেশের সমর্থন লাভ করেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি দেশের ভোট।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক নবনির্বাচিত সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও উপস্থিত ছিলেন।

ভোটের ফলাফল ঘোষণার সময় খলিলুর রহমান নিজেও জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদকক্ষে উপস্থিত ছিলেন। নিজের বিজয়ের খবর শুনে তাকে দুই হাত তুলে মুনাজাত করতে দেখা যায়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি সাধারণ পরিষদকক্ষে বক্তব্য রাখেন।

এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসলেন।

এর আগে ৪০ বছর পূর্বে, ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও প্রখ্যাত রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।