অস্ট্রেলিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে গত সোমবার রাতে প্রচারিত একটি লাইভ সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ সাক্ষাৎকার থামিয়ে তিনি চিৎকার করে বলে ওঠেন, ‘বসে পড়ো।’ এ ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সাক্ষাৎকার চলাকালীন কুকুরটির এমন আচরণে জয়েস সাংবাদিকের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, ‘দুঃখিত, এটা কুকুরটার জন্য।’ এর কিছুক্ষণ পর কুকুরটি আবার ঘেউ ঘেউ শুরু করলে তিনি পুনরায় ক্ষমা চেয়ে বলেন, ‘কুকুরটির জন্য আমি দুঃখিত। হঠাৎ করেই এটি ঘেউ ঘেউ শুরু করেছে।’
এ সময় উপস্থাপক সারা ফার্গুসন তাঁকে কুকুর নিয়ে চিন্তা না করে কেবল প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করেন। জবাবে জয়েস বলেন, ‘অভদ্র হবেন না, সারা। তা না হলে এই সাক্ষাৎকার এখানেই থেমে যাবে।’ উল্লেখ্য, সাংবাদিক ফার্গুসন ওই সময় বার্নাবি জয়েসকে তাঁর দলের প্রধান পলিন হ্যানসনের সঙ্গে ব্রিটিশ কর্মী টমি রবিনসনের বৈঠক নিয়ে প্রশ্ন করছিলেন।
গবাদিপশুর খামারি হিসেবে পরিচিত বার্নাবি জয়েস অতীতেও কুকুর নিয়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন। এর আগে তিনি হলিউড অভিনেতা জনি ডেপের পোষা কুকুরকে মেরে ফেলার হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন। এদিকে, হ্যানসনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল ওয়ান নেশন সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। হ্যানসন সম্প্রতি টমি রবিনসনের সঙ্গে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ১৯৭০-এর দশকের ‘হোয়াইট অস্ট্রেলিয়া’ নীতি নিয়ে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। যদিও পরে তিনি দাবি করেন যে তিনি ওই নীতি পুনর্বহালের আহ্বান জানাননি।

